ঠাকুরগাঁও শহর সিসি ক্যামেরার আওতায় আসছে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০০
ঠাকুরগাঁও সদর উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে।  ৫৬টি আই পি ক্যামেরার সমন্বয়ে এই তারবিহীন নেটওয়ার্ক শুভ উদ্বোধনের দ্বারপ্রান্তে।
ঠাকুরগাঁও আইন শৃঙ্খলা বাহিনীর এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন ঠাকুরাঁওয়ের সুশীল সমাজের লোকজন।
 
শহরের চৌরাস্তার এক দোকানী বলেন জানান, সম্প্রতি জুয়েলার্সের দোকানে বোমা ফাটিয়ে ডাকাতি করে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কিন্তু পুলিশ এখন পর্যন্ত ডাকাতদের ধরতে পারে নাই। শহর যদি সিসি ক্যামেরার আওতায় আসে তাহলে যেকোনো ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়বে। পরর্বতীতে ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা সম্ভব হবে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানাই।
 
সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, সম্প্রতি শহরে রাজনৈতিক সংঘাত বেড়ে গেছে। কোথাও মিছিল মিটিং হলেই সংর্ঘষ বাধে। কিন্তু পুলিশ তাদেরকে চিনতে না পারায় আইনের আওতায় আনতে পারে না। শহরে  সিসি ক্যামেরা থাকলে সংর্ঘষসহ যেকোনো অপরাধ মূলক কাজ কমে যাবে। ফলে শান্তিতে চলাফেরা করতে পারবে সাধারণ মানুষ।
 
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীকে তরান্বিত করার জন্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আশা রাখি আগের থেকে সকল প্রকার অপরাধ কমে আসবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ আসামিদের সহজেই শনাক্ত করতে পারবে। ’
 
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস জানান, সময়ের সঙ্গে সঙ্গে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এরই মধ্যে অনেকটা সফল। তাই দেশের আইন শৃঙ্খলা উন্নতির জন্য বিভিন্ন স্থানে ওয়ারলেস সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে।