অনুকূল আবহাওয়া আর কঠোর পরিশ্রম করেও স্বপ্ন পূরণ করতে পারছেন না গাংনীর গমচাষিরা। নতুন করে গম ক্ষেতে দেখা দিয়েছে হেড ব্রাইট- ব্লাস্ট নামের এক রোগ। সারা মাঠের গম ক্ষেতের শীষ সাদা হয়ে গেছে। সম্পূর্ণ নতুন এ রোগ কিভাবে বিস্তার ঘটলো আর এর প্রতিকার কি তা নিয়ে বেশ চিন্তিত কৃষি বিভাগ। এরই মধ্যে কৃষি গবেষণা ইন্সটিটিউট রোগের নমুনা সংগ্রহ করে ছত্রাক নাশক প্রয়োগ করতে পরামর্শ প্রদান করেছেন। তবুও কোনো ফল হচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
গাংনী উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন জানান, চলতি মৌসুমে গাংনীতে ছয় হাজার হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। ফলনও আশা করা হচ্ছে। অথচ এ উপজেলাসহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে এ রোগ দেখা দিয়েছে। প্রথমে গমের পাতা শুকিয়ে যাচ্ছে ও পরে শীষ শুকিয়ে সাদা হচ্ছে। অধিকাংশ গম ক্ষেতের একই অবস্থা। এ রোগটি প্রথম এ অঞ্চলে দেখা দেয়। কৃষি গবেষণা ইন্সটিটিউট এর নাম দিয়েছেন ব্লাস্ট। এক গম ক্ষেতে এ রোগ দেখা দিলে বাতাসের মাধ্যমে এটি অন্য ক্ষেতে ছড়াতে পারে।
তিনি আরো জানান, বিষয়টি জেনে কৃষি গবেষণা ইন্সটিটিউটে সংবাদ দেয়া হয়। বুধবার একটি টিম এসে নমুনা সংগ্রহ করেছেন। রিপোর্ট পেলেই এর কি করণীয় তা জানানো হবে।
