বাল্য বিয়ের দায়ে জামাই ও শ্বশুরের কারাদণ্ড

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০১
মেহেরপুরের গাংনী উপজেলায় বাল্য বিয়ের দায়ে জামাই ও শ্বশুরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন,শ্বশুর উপজেলার কাস্টদহ গ্রামের মহিবুল ইসলাম (৩৫) ও জামাতা ব্রজপুর গ্রামের শরিফুল ইসলাম (২৪)।
 
রবিবার বেলা ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ দণ্ডাদেশ প্রদান করেন। তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, ‘মহিবুল ইসলাম তার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে মাস খানেক আগে বিয়ে দেন  সেকেন্দার আলীর ছেলে শরিফুলের সঙ্গে। বিষয়টি জানতে পেরে জামাই ও শ্বশুরকে নোটিশ করে ডেকে আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন অনুযায়ী প্রত্যেককে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।’