নাটোরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, আটক ১

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০১
নাটোরের সিংড়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে জনাব আলী (৪৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। এ ঘটনায় ওই এলাকার জুলহাস হরুর স্ত্রী রিতা বেগমকে আটক করেছে পুলিশ।
 
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সোহাগবাড়ী গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, নিহত জনাব আলী একই এলাকার জসমত আলীর ছেলে।বৃহস্পতিবার দিবাগত রাতে রিতা বেগম জনাব আলীর বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান। সেখানে একটি নির্জন স্থানে নিয়ে জনাব আলীকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তায় পুড়ে পুকুরে ফেলে দেন। পরে জনাব আলীর কোনো খোঁজ না পাওয়া গেলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ শনিবার বিকালে রিতা বেগমকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে রবিবার সকালে রিতার বাড়ির পাশের একটি পুকুর থেকে ডুবুরি দল জনাব আলীর বস্তাবন্দী লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।