কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির নেতাকর্মীদের গোলযোগ ও হট্টগোলের মধ্যদিয়ে সাতটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মনোনয়ন স্থগিত করা হয়েছে।
শনিবার রাতে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনোনয় কমিটির বৈঠক বসে।
বৈঠকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন, তারিফুল ইসলাম বুলু শিকদার, রাশেদুন্নবী লালু, শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম গামা ও যুবসংহতির মিজানুর রহমান রাজু জাপার মনোনয়ন দাবি করেন।
সভায় প্রার্থীদের মতামত চাওয়া হলে মাহমুদুর রহমান রোজেনকে বাদ দিয়ে অন্য যেকোন প্রার্থীকে মনোনয় দিলে বাকি প্রার্থীরা একযোগে কাজ করবে বলে মতামত জানালে তুমুল হট্টগোল শুরু হয়। একইভাবে বলদিয়া ইউনিয়নে মোজাম্মেল হক ব্যাপারী ও বাবুল করিম, বঙ্গসোনাহাট ইউনিয়নে রতন সরকার ও শাহজাহান আলী, আন্ধারীঝাড় ইউনিয়নে গাজিউর রহমান ও জাভেদ মন্ডলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সভা পণ্ড হয়ে যায়।
পরে তড়িঘড়ি করে পাথরডুবি ইউনিয়নে রোকনুজ্জামান রোকন, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে ফজলুর রহমান ও শিলখুড়ি ইউনিয়নে গাজিউর রহমানকে প্রার্থী ঘোষণা করে জাতীয় সংসদ সদস্য দ্রুত অফিস ত্যাগ করে কুড়িগ্রামে চলে যান।
এ ব্যপারে উপজেলা সভাপতি আব্দুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি হট্টগোল হওয়ার কথা জানান। এছাড়া ২৯ ফেব্রুয়ারি বাকি চয়টি ইউনিয়নে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি।
