চলমান এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পরের ম্যাচে আমিরাতকে হারিয়ে এখনো প্রতিযোগিতায় টিকে আছে টাইগাররা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে হারিয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাও। রবিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াইয়ে ভারতের সঙ্গে যৌথভাবে রেকর্ড ৫ বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালে একবারই উঠেছে বাংলাদেশ। তবু বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্স আর ঘরের মাঠে খেলা হওয়ায় আশায় বুক বেঁধেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের পরিণতি আরো করুণ। চারটি ম্যাচের চারটিতেই সহজ জয় পেয়েছে লঙ্কানরা। তবে মাঠের খেলার কাছে পরিসংখ্যান কোনো বিষয় নয়। তাই লঙ্কানদের বিপক্ষে জয়ের টার্গেট নিয়েই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। কারণ হারলেই এক রকম নিশ্চিত হয়ে যাবে বিদায়।
অপরদিকে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছে শ্রীলঙ্কাও। বিশেষ করে পেস বোলিং লাইনআপ গত মৌসুম থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে। নতুন পেস সেনসেশন মুস্তাফিজুরকে বিশেষ দৃষ্টিতেই দেখছে তারা। তবে নিজেদের ব্যাটিংয়ের উপর আস্থা রাখছেন মালিঙ্গা। এ নিয়ে বলেন, ‘বাংলাদেশ এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও মুস্তাফিজ দারুণ এক সম্পদ। সে সত্যিই খুব ভালো খেলছে।
সবমিলে দারুণ এক ক্রিকেট রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
