'কানাডায় দুই শতাধিক ভাষায় মানুষ কথা বলে' -কানাডায় রানি এলিজাবেথের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড জনস্টন এ কথা বলেন।
ব্রিটিশ কলাম্বিয়ার 'মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি'র আমিনুল ইসলাম মাওলাকে দেয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক বাণীতে গভর্নর জেনারেল জনস্টন বলেছেন, 'কোয়ালিটি এডুকেশন, 'ল্যাঙ্গুয়েজেস অব ইনস্ট্রাকশন অ্যান্ড লার্নিং আউটকামস' অর্থাৎ 'গুণগত শিক্ষা, ভাষা শিক্ষার উপরই নির্ভরশীল'এ মূলভাব সংবলিত দিবসটি উদযাপনকারীদের জন্য আমার শুভেচ্ছা জানাচ্ছি।'
তিনি বলেন, ভাষার বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা কানাডার অমূল্য সম্পদ। প্রতিদিনই কানাডায় দুই শতাধিক ভাষায় মানুষ কথা বলে থাকে। বহিঃপ্রকাশের সেই মাধ্যম যেটাই হোক না কেন; বলা, লেখা, সাংকেতিক ভাষা-সবই সংযোগ স্থাপনের ক্ষেত্রে উন্নততর ও অধিক সহানুভূতিশীল বিশ্ব রচনার পরিচায়ক।
ওই বাণীতে তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি- প্রতিটি মাতৃভাষাই একটি ইতিহাস ও ঐতিহ্যের চালিকাশক্তি, যা বিশ্বের উত্তরাধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ জরুরি। তাই আমি উৎসাহিত করি- প্রত্যেকে যেন তাদের ভাষাটি সংরক্ষণ করেন।
