ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও কমিশনের কাছে বিচার নিয়ে গেল বিএনপি। প্রথম ও দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা, মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধাসহ নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিএনপি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি প্রার্থীদের বাধা এবং বাসা-বাড়িতে হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ পর্যন্ত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটির কঠোর সমালোচনাও করেছে বিএনপি।
রবিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবের কাছে অভিযোগ সম্বলিত চিঠি দিয়ে আসে বিএনপির প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন যুগ্মমহাসচিব রিজভী।
পরে রিজভী সাংবাদিকদের বলেন, 'বিএনপির প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ, মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য হুমকি, বাসা-বাড়ি, পথে-ঘাটে এবং নির্বাচনী কার্যালয়েও সন্ত্রাসী কায়দায় হামলা করছে শাসক দলের ক্যাডাররা। প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে নিয়মিত।'
তিনি দাবি করেন, প্রথমধাপের ১১৪টি ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা ও প্রার্থিতা প্রত্যাহারের বাধ্য করার ঘটনা হয়েছে।
এসব বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে রিজভীর অভিযোগ।
