টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৫

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার ফাইনালে উঠার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

চলমান এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পরের ম্যাচে আমিরাতকে হারিয়ে এখনো প্রতিযোগিতায় টিকে আছে টাইগাররা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে হারিয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাও।

এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াইয়ে ভারতের সঙ্গে যৌথভাবে রেকর্ড ৫ বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালে একবারই উঠেছে বাংলাদেশ। তবু বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্স আর ঘরের মাঠে খেলা হওয়ায় আশায় বুক বেঁধেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
 
এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের পরিণতি আরো করুণ। চারটি ম্যাচের চারটিতেই সহজ জয় পেয়েছে লঙ্কানরা। তবে মাঠের খেলার কাছে পরিসংখ্যান কোনো বিষয় নয়। তাই লঙ্কানদের বিপক্ষে জয়ের টার্গেট নিয়েই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। কারণ হারলেই এক রকম নিশ্চিত হয়ে যাবে বিদায়।