এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সাব্বির রহমানের ৮০ ও সাকিব আল হাসানের ৩২ রানের উপর ভর করে ২০ ওভারে শেষে এই রান করে বাংলাদেশ। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২১ রান।
সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলেন না সাব্বির রহমান। ৫৪ বলে ৮০ রান করে থামে তার রানের চাকা। মূলত তার অর্ধশতকে ম্যাচে ফিরে বাংলাদেশ।রবিবার এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় ২ রানের মাথায় ২ ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেসময় কুলাসেকারের এক ওভারে ৩টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে বাংলাদেশকে কিছুটা চাপমুক্ত করেন সাব্বির। ওই এক ওভারেই ১৮ রান করে বাংলাদেশ। কিন্তু পরের ওভারেই রান আউটের শিকার হন মুশফিকুর রহিম।
তবে সাকিবকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন সাব্বির। ১০টি চার ও তিন ছক্কায় করেন ৮০ রান। পরে চামিরার বলে জয়সুরিয়ার হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি। এর কিছুক্ষন পরেই আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চামিরার বলে আউট হন তিনিও। ৩৪ বলে করেন ৩৪ রান।
এর আগে দলীয় দুই রানের মাথায় প্যাভিলিযনে ফিরে বাংলাদেশের দুই ওপেনার। কোনো রান না করেই আউট হন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ মিঠুন। পরের ওভারেই কুলাসেকারার বলে ম্যাথিউসের তালুবন্দী হন সৌম্য।
এর আগে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রবিবার ফাইনালে উঠার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। চলমান এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পরের ম্যাচে আমিরাতকে হারিয়ে এখনো প্রতিযোগিতায় টিকে আছে টাইগাররা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে হারিয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাও।
এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জনের এই লড়াইয়ে ভারতের সঙ্গে যৌথভাবে রেকর্ড ৫ বার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালে একবারই উঠেছে বাংলাদেশ। তবু বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্স আর ঘরের মাঠে খেলা হওয়ায় আশায় বুক বেঁধেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
