পটুয়াখালী শহরের বাধঘাট এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে হত্যাসহ একাধিক মামলার আসামী গোলাম মাওলা মৃধা (৩৬) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, তাজাগুলি, গুলির খোসা, ম্যাগাজিন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৮ সদস্যরা।
সোমবার ভোরের দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে হেতালিয়া বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলা পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার মৃত নূরু মৃধার পুত্র। গোলাম মাওলা মৃধার নামে সদর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব ৮ পটুয়াখালীর ক্যাম্প কমান্ডার এএসপি ফজলুর রহমান জানান, রাত অনুমানিক সাড়ে ৪টার দিকে র্যাবের কাছে খবর আসে শহর সংলগ্ন বাধঘাট এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিমপাশে একটি বাগানে ১০/১২ জনের একদল সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হচ্ছিল। এ সময় চৌরাস্তা এলাকায় টহলরত র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপর গুলি ছোড়ে।
ফজলুর রহমান আরো জানান, পরে র্যাব সদস্যরাও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর রেইনট্রি ও কড়াই গাছের বাগানে একজন সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় র্যাব। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল,দেশীয় তৈরী ১টি বন্দুক,২টি ম্যাগজিন,১০ রাউন্ড গুলি ও ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
