সোনারগাঁও উপজেলার হাতুড়াপাড়া এলাকায় পোড়া মবিলের ট্যাঙ্কে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে মেসার্স চাঁন এন্ড সূর্য্য ফিলিং স্টেশনের মালিকানাধীন মেসার্স ময়না ট্রেডিংয়ের পোড়া মবিলের ট্যাঙ্কে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। বিকেল ৫টার দিকে ঢাকা সদর দপ্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- শ্রমিক মাসুম মিয়া (৩৫) ও নিরাপত্তা প্রহরী মোহাম্মদ হান্নান (৪০)।
IMG0
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেসার্স চাঁন অ্যান্ড সূর্য্য নামের একটি ফিলিং স্টেশনের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স ময়না ট্রেডিং দীর্ঘদিন ধরে অবৈধভাবে পোড়া মবিলের ব্যবসা করে আসছিল। সোমবার দুপুর ১টার দিকে মেসার্স ময়না ট্রেডিংয়ের মজুতকৃত পোড়া মবিলের ট্যাঙ্কে কাজ করার সময় হঠাৎ পড়ে যায় মাসুম নামের এক শ্রমিক। পরে মালিক পক্ষ বিষয়টি টের পেয়ে নিরাপত্তা প্রহরী হান্নানকে ডেকে আনে। পরে হান্নানের ইচ্ছার বিরুদ্ধে মালিকপক্ষ তাকে ট্যাঙ্কে নামিয়ে মাসুমকে উদ্ধার করতে বাধ্য করে। এ সময় ট্যাঙ্কে নামা হান্নানও নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের টিম লিডার আলাউদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম এসে বিকেল সাড়ে ৫টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিহতদের মৃতদেহ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।
মাসুম বরিশাল জেলার উজিরপুর থানার গাজিরপাড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে। অপরদিকে নিরাপত্তা প্রহরী হান্নান নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দিঘলদী কান্দী গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অবৈধ পোড়া মবিলের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
