তৃতীয় জাতীয় মহিলা হকি শুরু

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৯
শুরু হলো ‘ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি-২০১৬।’ সোমবার বিকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। প্রতিযোগিতা চলবে ৬ মার্চ পর্যন্ত।
 
তিনি বলেন, ‘আশা করছি এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো কিছু খেলোয়াড় উঠে আসবে। যারা এক সময় জাতীয় দলের হয়ে খেলবে। হকি ফেডারেশনের কাছ থেকে আরো বেশ কিছু প্রস্তাব পেয়েছি আমরা। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এরপর হকি ফেডারেশনের সর্বোচ্চ আসর ফেডারেশন কাপ ও ক্লাব কাপ হকি টুর্নামেন্ট আয়োজন করব।’
 
জাতীয় ক্রীড়া পুরস্কারের কোনো এক ক্যাটাগোরিতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জন্য পুরস্কার চালু করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি। আবারও বলছি। জাতীয় ক্রীড়া পুরস্কারের কোনো একটি ক্যাটাগোরিতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জন্য পুরস্কারের ব্যবস্থা করলে ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতায় আরো অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসবে। বিষয়টি আমাদের মাতৃতূল্য মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচনার অনুরোধ থাকল।’
 
বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ বলেন, ‘ওয়ালটন গ্রুপ এর আগেও জাতীয় মহিলা হকিতে পৃষ্ঠপোষকতা করেছে। আবারও তারা হকির পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করব ভবিষ্যতেও তারা হকির পাশে থাকবে। হকির উন্নয়নে অবদান রাখবে।’
 
উদ্বোধনী ম্যাচে নড়াইল জেলা ও কিশোরগঞ্জ জেলা মুখোমুখি হয়। এবারের ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- নড়াইল জেলা, রংপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, দিনাজপুর জেলা, পটুয়াখালী জেলা, ঝিনাইদহ জেলা, ঢাকা জেলা, রাজশাহী জেলা ও ঠাকুরগাও জেলা। ৯টি দলকে ৩টি গ্রুপে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছাড়াও ফাইনাল ম্যাচটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।
 
IMG0
 
এবারের ওয়ালটন জাতীয় মহিলা হকিতে ১ লাখ টাকা প্রাইজমানি থাকছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানার আপ দল ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগোরির সেরা পাঁচজন খেলোয়াড়কে ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক আনভীর আদিল খানসহ ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দ।