আমিরাতকে ৭ উইকেটে হারাল পাকিস্তান

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৪

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারাল পাকিস্তান। আমিরাতের দেয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন শোয়েব মালিক। এছাড়া উমর আকমলও করেন অর্ধশতক। ম্যাচ  শেষে দুজনেই ছিলেন অপরাজিত। মূলত তাদের জুটির উপর ভর করেই সহজ জয় পায় পাকিস্তান।

তবে শুরুতে ব্যাট করতে নেমেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ১১ রানের মাথায় হারায় ওপেনার শারজিল খানকে। আফগান অধিনায়ক আমজাদ জাভেদের বলে এলবিডব্লিউ এর শিকার হন তিনি। এরপর কোনো রান যোগ না করান আগেই খুররাম মনজুরকে সাজঘরে ফেরান জাভেদ। এরপর ১৭ রানে মোহাম্মদ হাফিজের গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

তবে এরপর শোয়েব মালিক ও উমর আকমল দলকে টেনে নিয়ে যান। তাদের অপরাজিত ১১৪ রানের জুটিতেই জয় পায় পাকিস্তান 

এর আগে এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে ১৩০ রানের টার্গেট দেয় সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন শাইমান আনওয়ার। ৪২ বলের এই ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।এরপর মুহাম্মদ উসমান এর ২১ এবং অধিনায়ক আমজাদ জাভেদের অপরাজিত  ২৭ রানের কল্যানে এই পুঁজি পায় আমিরাত।

তবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে রুহান মুস্তাফাকে (১) হারায় আমিরাত। মোহাম্মদ সামির বলে শাহিদ আফ্রিদির কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর তৃতীয় ওভারের চতুর্থ বলে আমিরাতের ব্যাটসম্যান মাহমুদ কলিম এর অফস্ট্যাম্প গুড়িয়ে দেন মোহাম্মদ আমির। কলিমও ১ রানের বেশি করতে পারেননি।

ব্যক্তিগত ৫ রানে মোহাম্মদ শাহজাদকে ফেরান মোহাম্মদ ইরফান। উইকেট রক্ষক সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন তিনি।