সিরাজগঞ্জের শাহজাদপুর মোঃ কোরবান আলী (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে নয়টার দিকে সায়েস্তাবাজ নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি একই ইউনিয়নের সরাতৈল গ্রামের আলহাজ্ব আব্দুল আজিজের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, রাতে কাশিনাথপুর বাজার থেকে দুইজন বন্ধুর সঙ্গে নিজ বাড়ি ফিরছিলেন কোরবান আলী। পথিমধ্যে সায়েস্তাবাজ গ্রাম সংলগ্ন সড়কের উপর ১০/১২ জন দুর্বৃত্তরা তার গতিরোধ করে কোরবানের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে তাকে উল্লাপাড়ার বিশ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ গ্রামে দীর্ঘদিন ধরে মোল্লা ও ডোকলা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের বড়ভাই মাজন আলী ৩০ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
