ভারতে সাড়ে তিনমাস কারাভোগের পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার সীমান্ত নদী কালিন্দির জিরোপয়েন্টে তাদের হস্তান্তর করা হয়। এসময় জেলেদের ব্যবহূত দুইটি নৌকাও হস্তান্তর করা হয়।
ফিরে আসা জেলে আব্দুল আমিন জানান, ঘন কুয়াশার মধ্য দিয়ে মংলা বন্দর সংলগ্ন এলাকার রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের অংশে ঢুকে পড়ি। এ সময় বিএসএফ আমাদের আটক করে।
শ্যামনগরের কৈখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জসিমউদ্দিন জানান, ভারতের কারাগারে থাকা ৫৭ জন বাংলাদেশি জেলেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ভারতের পক্ষে তিন বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র, শমসেরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জী, সুন্দরবন কোস্টাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন ও শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।
