এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারালে নিশ্চিত হবে ফাইনাল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার এই দুই পরাশক্তি।
নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের সঙ্গে জয় পেলেও রোববার বাংলাদেশের বিপক্ষে ২৩ রানের ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। তাতে দুই ম্যাচে লঙ্কানদের পয়েন্ট মাত্র দুই। ভারতের সঙ্গে হারলেই তাই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
প্রথম ম্যাচে দলের নেতৃত্ব দিলেও বাংলাদেশের বিপক্ষে ছিলেন না চোটাক্রান্ত মালিঙ্গা। তার জায়গায় লঙ্কানদের নেতৃত্বে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শুধু তাই নয় বল হাতেও নুয়ান কুলাসেকারা, দুশমন্থা চামিরা, রঙ্গানা হেরাথদের নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার।
ওদিকে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দলে ছিলেন না ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। তবে ফিট থাকলে লঙ্কানদের বিপক্ষে ফিরতে পারেন তিনি। আর দল থেকে ইনজুরির কারণে ছিটকে যেতে পারেন আরেক ওপেনার রোহিত শর্মা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ধাওয়ানের জায়গায় ওপেন করানো হয়েছিল আজিঙ্কা রাহানেকে দিয়ে। আর মঙ্গলবারের ম্যাচে রোহিতের বদলে দেখা যেতে পারে পার্থিব প্যাটেলকে।
