বগুড়ায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৫

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৯:১৮
বগুড়ায় প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার সোয়া দুই কেজি হেরোইন ও সাত হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।
 
র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে বগুড়া শহরতলীর বারপুর এলাকার একটি গ্যারেজ ও  বাসায় তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের মুল্য দুই কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৫শ’ টাকা।
 
মঙ্গলবার বিকেলে বগুড়ায় র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বগুড়ার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ গ্রামের সোনালী বেগম (২৫), জয়পুর হাটের আক্কেলপুর থানার খাদাইল গ্রামের আবুল কাশেম ড্রাইভার (৩০), শিবগঞ্জের পনেরটিকা গ্রামের তফিল উদ্দিন, বগুড়া শহরের চকসুত্রাপুর সওদাগরপাড়া রিমন ওরফে সবুজ (২৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর সোনার পাড়ার সনি খাতুনকে  (১৯) ।
 
সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর কমান্ডিং অফিসার শাহাবুদ্দিন জানান, স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার মফিজুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল সোমবার মধ্যরাতে বারোপুরের একটি মোটর গ্যারেজ অভিযান চালিয়ে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকারসহ ৫ জনকে  গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ি শহরতলীর বারপুর এসওএস স্কুলের সামনে  ডা. ইউনুছ আলীর চারতলা বিল্ডিংয়ের ২য় তলায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম ও আল-আমীন নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে ওই বাসায় তল্লাশি করে দুই কেজি ২২৮ গ্রাম হেরোইন, ৭ হাজার ৩৩৫ পিস ইয়াবা, নগদ ৪৭ হাজার ৪৮৫ টাকা, মাদকদ্রব্য ওজন ও প্যাকিং যন্ত্র, ওয়েট মেজারমেন্ট মেশিন, সেলাই করার মেশিন ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।