চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে চতুর্থ দল হিসেবে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগে এখানে খেলা নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ও ইংলিশ দল টটেনহ্যাম হটস্পার।
এছাড়া এই প্রতিযোগিতায় আরো অংশ নিচ্ছে মেলবোর্ন ভিক্টরি। জুলাইতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রাক মৌসুম ক্লাব প্রতিযোগিতার অস্ট্রেলিয়ান লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, প্রাক মৌসুম অনুশীলনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা আমাদের প্রস্তুতিতে বেশ সহযোগিতা করবে। নতুন মৌসুমকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নেবার জন্য খেলোয়াড়দের সামনে এটা অনেক বড় একটি সুযোগ। গত বছর প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও এএস রোমা অংশ নিয়েছিল।
