মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ইংল্যান্ডের সাসেক্স। ইংলিশ এই কাউন্টি দলের হয়ে বাংলাদেশের তরুণ এই পেস সেনসেশন খেলবেন আসছে মৌসুমের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়াল লন্ডন ওয়ানডে কাপে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেও মুস্তাফিজ খেলতে পারেননি চোটের কারণে। তিনি দল পেয়েছেন আইপিএলেও। সময়ের আলোচিত তারকা এবার পা রাখছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।
মুস্তাফিজ বলেন, ‘ইংল্যান্ডে খেলা ছিল আমার স্বপ্ন। ইংলিশ কাউন্টি দলে খেলতে পেরে আমি রোমাঞ্চিত। আমার সব সময়ই লক্ষ্য ছিল ইংল্যান্ডে খেলা, সুযোগটি করে দেয়ায় সাসেক্সের প্রতি আমি কৃতজ্ঞ। তার আমার ওপর যে আস্থা রেখেছে, আশা করি, সেটির প্রতিদান আমি মাঠের পারফরম্যান্সে দিতে পারব।’
মুস্তাফিজকে দলে পেয়ে উচ্ছ্বসিত সাসেক্স কোচ মার্ক ডেভিস।
২০ মে থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি ব্লাস্ট। প্রথম দিনেই মুস্তাফিজের সাসেক্স খেলবে ব্রিস্টলে গ্লস্টারশায়ারের বিপক্ষে। ৫ জুন থেকে শুরু হবে ওয়ানডে কাপ। মুস্তাফিজদের প্রথম খেলা ৬ জুন হোভে, এসেক্সের বিপক্ষে। বাংলাদেশের হয়ে এর আগে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। উস্টারশায়ারের হয়ে ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি খেলার পাশাপাশি কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন সাকিব। তামিম নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন টি-টোয়েন্টিতে।
