আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে ধর্মশালায় ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ইতোমধ্যে ভারতে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে। এবার মুখ খুললেন আইসিসির সাবেক প্রধান পাকিস্তানের এহসান মানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আগামী ১৯ মার্চ হিমাচল প্রদেশের ধর্মশালায় ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পরামর্শ দিয়েছেন মানি।
পাকিস্তানী ডন নিউজ চ্যানেলকে মানি বলেন, প্রাদেশিক সরকার ধর্মশালায় পাকিস্তান দলকে না খেলতে না দেয়ার যে হুমকি দিয়েছে পিসিবির সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত মানি বলেন, আমি পিসিবিকে পরামর্শ দেব এ ধরনের হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে। কারণ এর সঙ্গে এ ইভেন্টে ভারতে যাওয়া আমাদের সকল খেলোয়াড়, কর্মকর্তা, জনগণ এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টি জড়িত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পাকিস্তানী বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ^কাপে পাকিস্তান দলের জন্য সম্ভাব্য সর্বোচ্চ নিরাপত্তা দানের নিশ্চয়তা দিয়েছেন। ধর্মশালার ম্যাচ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় পিসিবির পক্ষ থেকে আইসিসির দৃষ্টি আকর্ষণ করার পর পিসিবিকে ফোন দেন মনোহর। আমি নিশ্চিত যে, অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে এমন অনিশ্চয়তা সৃষ্টি হলে তারা এ ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিত’ উল্লেখ করেন মানি।
তিনি বলেন, তারা (অস্ট্রেলিয়া) তাদের খেলোয়াড়দের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। এমনকি এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি যুব বিশ্বকাপ থেকেও তারা নাম প্রত্যাহার করেছিল। মানি বলেন, যেহেতু এটা আইসিসি ইভেন্ট তাই ধর্মশালায় খেলার বিষয়ে পিসিবিরও উচ্চ কণ্ঠ হওয়া উচিত।
পিসিবির একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার মনোহর ও শাহরিয়ার খানের মধ্যকার আলাপে বিকল্প ভেন্যু হিসেবে মোহালি এবং কলকাতা নিয়েও আলোচনা হয়েছে। তবে কোন কিছুই চূড়ান্ত হয়নি। মানি বলেন, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখতে পাকিস্তান অনেক ছাড় দিয়েছে। কিন্তু ভারতে অবস্থার কোন পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক রাখতে পাকিস্তান সরকারও বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। কিন্তু আমি মনে করি ধর্মশালার পরিবেশে খেলা পাকিস্তান দলের জন্য ঝুঁকিপূর্ণ হবে। বাসস।
