এশিয়া কাপে ভারতকে ৮২ রানের টার্গেট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করতে নেমে, ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮২ রানেই গুটিয়ে যায় বাছাইপর্ব পেরিয়ে আসা দলটি।
আগে ব্যাটিংয়ে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে ছন্দহীন হয়ে পড়ে আরব আমিরাতের ব্যাটসম্যানরা। দলীয় ২ রানের মাথায় দুজন ব্যাটসম্যান ফিরে যান সাঁজঘরে। আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন সাইমন আনোয়ার। ওপেনিংয়ে নামা রোহান মোস্তফা করেন ১১ রান। তাছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে না পারায় দলীয় মাত্র ৮১ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস।
বল হাতে ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ২টি উইকেট পান। তাছাড়া হরভাজন সিং, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডে ও যুবরাজ সিং একটি করে উইকেট পান।
টুর্নামেন্টে আগের টানা তিনটি ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই আরব আমিরাতের বিপক্ষে তাদের ম্যাচটি কেবল নিয়মরক্ষাই।
