আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। নিজ দেশ জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন (জ্যাডকো) জানিয়েছে, রাসেল 'অ্যান্টি ডোপিং অবস্থান' এড়ানোর অপরাধ করেছেন।
চলতি মাসে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে রাসেল ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য। ড্রাগ টেস্ট না করানোর কারণে তিনি এ বিশ্ব আসরে নাও খেলতে পারেন বলে জানা গেছে।
জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন বলেছে ১২ মাসের মধ্যে তিনবার ড্রাগ টেস্ট মিস করেছেন রাসেল। ডোপিং আইনে তিনবার এমন ঘটনা ঘটালে তা ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ার সমান অপরাধ বহন করে।
এ ব্যাপারে জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশনের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান কেন্ট প্যান্ট্রি বলেছেন,‘দুই সপ্তাহ আগে রাসেলের আইন ভঙ্গের কথা জানতে পারি আমরা। এ জন্য আমরা একটি কমিটিও করেছি। এই কমিটির মাধ্যমে রাসেলের ডোপ টেস্টের বিষয়টি নিস্পত্তি হবে।’
