টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ২০:৫৪
এশিয়া কাপের ফাইনালে উঠার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার। শুক্রবার নিয়ম রক্ষার লড়াইয়ে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি।
 
টুর্নামেন্টে এই ম্যাচের গুরুত্ব না থাকায় ইনজুরিতে পড়া লাসিথ মালিঙ্গাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা। অন্যদিকে ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে বিশ্রাম দেয়া হয়েছে। ম্যাথুজের জায়গায় একাদশে ঢুকেছেন নিরোসান তিকওয়ালা।
 
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন বলে ঘোষণা দিয়েছেন আফ্রিদি। যদি সেটি-ই হয়, তবে এটিই বাংলাদেশের মাটিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
 
ভারতের কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ অভিযান শুরু করা পাকিস্তান পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে ছন্দে ফেরার ইঙ্গিত দেয়। তবে বুধবার বাংলাদেশের কাছে হেরে ফাইনালের উঠার স্বপ্ন ‘বিসর্জন’ দেয় শহিদ আফ্রিদির দল।
 
অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলেও বাংলাদেশের কাছে হেরে ফাইনালে উঠার পথ অনিশ্চিত হয়ে পড়ে শ্রীলঙ্কার। এরপর ভারতের কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।