আইফোনের বিক্রি কমায় বাজার দখলের দৌড়েও পিছিয়ে পড়ার আশংকায় আছে অ্যাপল। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী বছরই ওএলইডি ডিসপ্লের আইফোন আনার পরিকল্পনা করছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠান। এ নিয়ে গত বছরের ডিসেম্বরে এলজি ও স্যামসাংয়ের সঙ্গে আলোচনাও করেছে টিম কুকের নেতৃত্বে থাকা প্রতিষ্ঠানটি।
ওএলইডি পূর্ণনাম হল অরগানিক লাইট-এমিটিং ডায়োড ডিসপ্লে। এ প্রযুক্তির ডিসপ্লে অনেক উজ্জ্বল হয়ে থাকে। এ ডিসপ্লের সাহায্য বিভিন্ন কৌণিক দিক থেকে সহজেই দেখা যায়। শুধু তাই নয়, ওএলইডি ডিসপ্লে ১৬ মিলিয়ন রং সমর্থন করে। এটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে খুব দ্রুত কাজ করে। এতে ছবি ও ভিডিও দেখতে কম শক্তির প্রয়োজন হয়। ফলে ব্যাটারি খরচও কম হয়।
কাঁচামাল সীমাবদ্ধতার কারণে আগামী বছর ওএলইডি প্রযুক্তি ব্যবহার করে সীমিত পরিমাণ হাই-এন্ড আইফোন উত্পাদনে যেতে চাইছে অ্যাপল। এর আগে বাঁকানো ওএলইডি ডিসপ্লে উত্পাদনে স্যামসাংয়ের সঙ্গে একটি চুক্তিও করেছে স্টিভ জবসের প্রতিষ্ঠান।
আগামী বছর সীমিত আকারে ওএলইডি আইফোন বাজারে আনলেও ২০১৮ সালের মধ্যেই এর পরিসর বাড়াবে অ্যাপল, এমন পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, আইফোন বিক্রির পরিমাণ বাড়াতে ওএলইডি প্রযুক্তিতে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। অ্যাপল কর্তৃপক্ষের ধারণা, ডিসপ্লেতে ভিন্নতা আনলে বাজারের শীর্ষস্থান ধরে রাখাটা তাদের জন্য কঠিন হবে না।
