ভারতীয় গণমাধ্যমে তাসকিন-ধোনির ‘বিতর্কিত’ ছবি

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২২:০৬
শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে এর আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাসকিনের হাতে মহেন্দ্র সিং ধোনির কাটা মাথার ছবি। স্বাভাবিকভাবেই সমালোচনার জন্ম দিয়েছে ছবিটি।
 
মাঠের লড়াইয়ের আগেই এই মাঠের বাইরে এমন আচরণে বিব্রত বাংলাদেশিরাও। ফেসবুক ও টুইটারে এর সমালোচনার পর এবার ভারতীয় সংবাদমাধ্যমেও উঠে আসলো বিষয়টি। কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের পর সংবাদ করলো এনডিটিভি।
 
এনডিটিভি জানায়, এর আগেও বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ আসলেই উত্তেজনাকর পরিস্থিতিতে এই অবস্থা দেখা যায়।  এসময় বাংলাদেশি এক পত্রিকার ব্যাঙ্গাত্মক একটি ম্যাগাজিনে মুস্তাফিজের ও ভারতীয় ক্রিকেটারদের চুল কাটার ছবি দেয়ার কথাও উল্লেখ করে এনডিটিভি।