মুস্তাফিজকে মিস করবেন মাশরাফি

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২০:২৪
অল্পদিনেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। এশিয়া কাপে প্রথম ম্যাচে হতাশ করলেও  পরের ম্যাচে দাপটের সঙ্গে ফিরেছিলেন তিনি। তবে সবকিছু এলোমেলো করে দিল চোট। ফাইনালে তাকে পাচ্ছেনা বাংলাদেশ।
 
অধিনায়ক মাশরাফির কণ্ঠেও ঝড়ল তাকে মিস করার আক্ষেপ। শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি  বলেন, 'এটা সত্যি যে আমরা মুস্তাফিজকে ছাড়া খেলছি। ওকে সবাই ভালোমতোই ফিল করছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা ওকে ছাড়াই গত দুই ম্যাচে ভালো করেছি।'
 
দলের সেরা বোলারকে বাইরে রেখেও বাংলাদেশ ভালো খেলছে। বাংলাদেশের প্রত্যেক সদস্যই এখন ইতিবাচক।
 
টাইগার অধিনায়ক বলেন, 'দলের সেরা পেসার ছাড়া ভালো করা, একটা দলের জন্য এটা ভালো লক্ষণ। ওকে ছাড়াই আমরা ভালো পারফর্ম করছি। তাকে ছাড়া দলের অন্য বোলার তাসকিন আহমেদ, আল আমিনরা ভালো বল করছে।'
 
মুস্তাফিজ না থাকলেও চলমান টুর্নামেন্টে দুর্দান্ত করছে বাংলাদেশের পেস বোলাররা। তাসকিন-আল আমিনদের দারুণ বলে গত দুই ম্যাচেই জয় পায় বাংলাদেশ। ফাইনালেও তাদের নিয়েই ভালো করার প্রত্যয় মাশরাফি বিন মর্তুজার।