বাংলাদেশকে আফ্রিদির শুভকামনা

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২০:৫৫
রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ফাইনালে বাংলাদেশকে শুভকামনা জানালেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।
 
শহিদ আফ্রিদি এবং দেশটির পেস বোলিং সেনসেশন মোহাম্মদ আমির উচ্ছসিত প্রশংসা করেছেন বাংলাদেশের। দু’জনই আগে থেকে অভিনন্দন জানিয়েছিলেন বাংলাদেশের ফাইনালে ওঠার জন্য।
 
পাকিস্তানি ক্রিকেটারদের সম্মানে পাকিস্তান হাই কমিশনে আয়োজিত এক নৈশভোজে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি, যেভাবে বাংলাদেশ ক্রিকেট খেলেছে, যেভাবে তারা উন্নতি করেছে, তাতে তারাই ফাইনাল খেলার যোগ্য দাবিদার। এবং আমার বিশ্বাস, ফাইনালেও তারা ভালো করবে এবং শিরোপা জিতবে। আমার শুভ কামনাও থাকলো বাংলাদেশের প্রতি।’
 
এসময় পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির উচ্চসিত প্রশংসা করেছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের। পাকিস্তানি এই পেসারের মতে, সৌম্যই হচ্ছেন বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য সৃষ্টিকারী। ওই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
 
সৌম্য সম্পর্কে আমির বলেন, ‘এটা তো টি-টোয়েন্টি ক্রিকেট। আমি মনে করি, ১০৩ রান তাড়া করা খুবই সহজ। যখন ম্যাচটা সৌম্য সরকার একতরফা বানিয়ে ফেলেছিলেন। আর টি-টোয়েন্টিতে ম্যাচের গতি পরিবর্তন হয়ে যেতে পারে মাত্র একটি ওভারেই।’
 
বাংলাদেশ বিশ্বের যে কোন শক্তিশালি দলকেই হারানোর ক্ষমতা রাখে বলেও মন্তব্য করেন তিনি।