নজরে তিন বাঘ

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১০:২৮
 
যদিও বাংলাদেশ দল বলে যে, তারা বিশেষ কোনো খেলোয়াড়ের ওপর ভরসা করতে চায় না, পুরো দল হয়েই খেলতে চায়। তারপরও এর মধ্যে চলতি এশিয়া কাপে তিনজন ক্রিকেটার হয়ে উঠেছেন বাংলাদেশের প্রধান তুরুপের তাস। আজকের ফাইনালেও তাদের জ্বলে ওঠার দিকে চেয়ে থাকবে পুরো দল—
 
‘খুনে’ সাব্বির
 
শুরু থেকে তার পরিচয় টি-টোয়েন্টি তারকা। নামের প্রতি কীভাবে সুবিচার করতে হয়, তা লোকে সাব্বির রহমান রুম্মনকে দেখে শিখতে পারে। টানা ভয়াবহ ফর্মে আছেন। কেবল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটাতে রান পাননি। তারপরও এবার এশিয়া কাপে চার ম্যাচে ১৪৪ রান নিয়ে মূল টূর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে চার টি-টোয়েন্টিতে রান যথাক্রমে ৪৬, ৪৩*,  ৫০ ও ১! এরপর এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ ও ৮০ রান। নজর তার দিকে তো রাখতেই হবে।
 
ফিনিশার রিয়াদ
 
রিয়াদকে একসময় বলা হতো—মিস্টার ডিপেন্ডেবল। পরিসংখ্যানের বিচারে অন্তত দু বছর বিশ্বের সেরা সাত নম্বর ব্যাটসম্যান ছিলেন ওয়ানডেতে। এখন দেখা যাচ্ছে, টি-টোয়েন্টি ক্রিকেটের সাত নম্বর, মানে নেমেই চার-ছক্কার ফুলঝুরিতে ম্যাচ জেতাতেও ওস্তাদ এই অভিজ্ঞ ব্যাটসম্যান। চার ম্যাচে ৮৮ রান করেছেন; আউট হয়েছেন মাত্র একবার। ফলে গড় ছিল ৮৮.০০। আর স্ট্রাইক রেট ১৪৬.৬৬। বুঝতেই পারছেন, নজর কার দিকে রাখতে হবে।
 
‘শিকারি’ আল আমিন
 
মাঝে খানিকটা নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অ্যাকশন বিতর্ক, ইনজুরি, বিশ্বকাপ থেকে ফিরিয়ে আসা মিলিয়ে একটা অন্ধকারে পড়ে গিয়েছিলেন বাংলাদেশের এই ‘ডেথ ওভার বিশেষজ্ঞ’। তবে স্বরূপে ফিরে আসতে শুরু করেন বিপিএল থেকেই। আর এশিয়া কাপে বুঝিয়ে দিলেন, কেন তার এই সুনাম। প্রতি ম্যাচে নতুন বলে দারুণ শুরু এনে দিচ্ছেন। আর সবচেয়ে বড় কাজটা করছেন ইনিংসের শেষে এসে রান দেয়ার বদলে টপাটপ উইকেট তুলে নিচ্ছেন। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে এখন মূল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।