বেশ কিছুদিন ধরে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালসহ ধারবাহিক সাফল্যের জন্য বাংলাদেশ ও টাইগার অধিনায়ক মাশরাফির প্রশংসা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এশিয়া কাপেও। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে পেছনে ফেলে ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালে টাইগাররা।
এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এসিসি প্রেসিডেন্ট সুমাথিপালা বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই এগুচ্ছে। ১৯৯৮-৯৯ সালেই আমরা তাদের মধ্যে উজ্জ্বল সম্ভাবনা দেখেছিলাম। ওয়ানডে এবং টেস্টের স্ট্যাটাস লাভের পর আমরা তাদের অনেক কোচ দিয়েছি এবং বর্তমানেও আমাদের কোচ তাদের হয়ে দায়িত্ব পালন করছে।’
এরপর মাশরাফির নেতৃত্ব গুণের প্রশংসা করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই কর্তাব্যক্তি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, সে (মাশরাফি) অসাধারণ নেতা। সম্ভবত সাকিব আল হাসান বা তামিম ইকবাল দলের সেরা ক্রিকেটার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সব ভালো পারফরম্যান্সই উপভোগ করি।’
অবশ্য বাংলাদেশ ক্রিকেটের আরো উন্নতি করতে হবে বলে জানান তিনি, ‘আপনাদের দর্শক, শ্রোতা এবং ক্রিকেট অনুরাগীর সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে। আপনাদের দেশে ১৬০ মিলিয়ন (১৬ কোটি) জনসংখ্যা রয়েছে- আপনাদের ক্রিকেটাররা প্রতি ম্যাচে লড়াই করার এবং জয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এটি অসাধারণ এক স্পিরিট। আমি মনে করি, আমরা আপনাদের দল নিয়ে গর্বিত।’
