ওয়ার্ল্ড টি টোয়েন্টি খেলতে ঢাকা ছাড়লো টাইগাররা

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১০:২৯
আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে সোমবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ হিসেবে পরিচিতি পাওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে বাংলাদেশের খেলা শুরু হবে ৯ই মার্চ থেকে।
 
এদিকে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি আরো বলেন, টি-টোয়েন্টিতে আমরা তেমন ধারাবাহিক ছিলাম না। কিন্তু সম্প্রতি দুটি বড় ম্যাচ জিতে আমাদের কনফিডেন্স বেড়েছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ওঠা।
 
বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ভারতের উদ্দেশে জেট এয়ারওয়েজে করে ঢাকা থেকে দিল্লিতে উড়াল দেবেন টাইগাররা। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা পৌঁছাবেন তারা। এর আগে সকাল সোয়া ৮টায় মাশরাফি বাহিনী হযরত ৬নং গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।
 
প্রথম ম্যাচে 'এ' গ্রুপে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই আসর। এতে খেলবে মোট ১৬টি দল। বাংলাদেশকে বাছাইপর্বে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে। এ গ্রুপ থেকে বাছাই পর্ব পেরিয়ে উত্তীর্ণ হবে যে দল তারাই খেলবে ১৬ই মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে। ধর্মশালায় বাংলাদেশের প্রথম রাউন্ডের খেলায় প্রথম মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড এবং তৃতীয় ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে মাশরাফি বিন মর্তুজার দল।