ধর্মশালায় পাকিস্তানের খেলা উচিত নয়: ইমরান খান

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৪:৩০
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে পাকিস্তান দলে অংশগ্রহণের বিপক্ষে সাবেক ক্রিকেট গ্রেট ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান। তাঁর মতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দেয়া ‘ঘৃণিত’ বিবৃতির কারণেই পাকিস্তানের এ টুর্নামেন্টে অংশ নেয়া উচিত নয়। 
 
ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে আগামী ১৯ মার্চ ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ খেলার সূচি রয়েছে। যা হবে টুর্নামেন্টে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ।  কিন্তু গত জানুয়ারিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার কারণে আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে এ ম্যাচের নিরাপত্তা দিতে অস্বীকার করেছে উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশ সরকার। ভারত সরকারের প্রতিনিধিরা উত্তেজনা এবং পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে মনে করছেন ইমরান খান। 
 
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান গণমাধ্যমকে বলেন, হিমাচল প্রদেশ মুখ্যমন্ত্রীর দেয়া বিবৃতিটি দায়িত্বজ্ঞান হীন এবং আতিথেয়তা ও আয়োজক মানের পুরোপুরি বিরোধী। ইমরান বলেন পাকিস্তান দলের ভারত সফরে গেলে আন্তর্জাতিকভাবে অভিযোগ করা উচিত। এটা তাদের অধিকার। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বিবৃতি স্পষ্টতই ঘৃণা ছড়ানো।
 
৬৩ বছর বয়সী এ কিংবদন্তী আরো বলেন, এমন অবস্থায় পাকিস্তান দলের হিমাচল প্রদেশ সফরে যাওয়া উচিত নয় বলে আমি মনে করছি। ধর্মশালায় হাই প্রোফাইল ম্যাচের আগে কলকাতায় ১৬ মার্চের ম্যাচ দিয়ে নিজেদের বিশ^কাপ মিশন শুরু করবে পাকিস্তান।