এশিয়া কাপের ফাইনালে হেরে ২০১২ সালের স্মৃতিটা যেন ভেসে উঠলো আরোও একবার। শিরোপা জয়ের এত কাছে এসেও জেতা হলোনা। ভারতে বিপক্ষে এই হারটা আরোও অনেকদিন এদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে বেদনা দেবে। তবে মাশরাফিদের অর্জনও কম নয়। তাইতো প্রশংসাও জুটছে টাইগারদের।
রানার্স আপ বাংলাদেশের প্রশংসা করছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এর আগেও অনেকবার নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন শ্রীলঙ্কার ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ড। এশিয়া কাপের পর আবারও প্রশংসায় ভাসালেন টাইগারদের। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘দারুণ খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে তাদের আয়োজনও দারুণ ছিল। আর দল হিসেবে তাদের উন্নতিতে বাংলাদেশ গর্ব করতেই পারে।’
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এক টুইটে জানান, ‘ভারতই দাপট দেখিয়েছে। বাংলাদেশ খুবই ভালো করেছে, কিন্তু কোহলি-অশ্বিনকে নিয়ে ভারতকে হারানো এখন যেকোনো দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে আরেক শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়াসুরিয়া টুইটারে লিখেন, ‘এবারের এশিয়া কাপে ভারত দুর্দান্ত খেলেছে, তবে বাংলাদেশকেও কৃতিত্ব দিতে হবে। ফাইনালের দিনটা ওদের পক্ষে ছিল না, এই যা!’
সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের কণ্ঠেও একই সুর, ‘বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে নিজেদের নিয়ে তারা গর্ব করতে পারে।’
এছাড়াও ক্রিকেট ধারাভাষ্যকার হর্শ ভোগলেও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন, ‘বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে এর মধ্যেই তারা অনেকের মন জয় করে নিয়েছে। আমি আশা করছি, সামনের বছরগুলোতে ওরা আরও অনেক ভালো করছে।’
টাইগারদের দারুণ প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, ‘অভিনন্দন ভারতকে। অনেক ভালো ক্রিকেট খেলেছে দলটি। তবে এশিয়া কাপে বাংলাদেশ যেভাবে খেলেছে, আমার কাছে মনে হয়েছে তারাই চ্যাম্পিয়ন। দলটি এখন অনেক উঁচুমানের ক্রিকেট খেলছে।’
