বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে দেড়শ রানের ইনিংস খেললেন অলক কাপালি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তার এই রানের উপর ভর করেই চারশোর কাছাকাছি সংগ্রহ গড়েছে ইস্ট জোন।
দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ৩৯২ রান করে তার দল। বিসিবি নর্থ জোনের বিপক্ষে আগের দিনই শতক তুলে নিয়েছিলেন অলক। অপরাজিত ১২১ রানে খেলতে নেমে দ্বিতীয় দিনে সেটাকে টেনে নিয়েছেন ১৫৪ রানে। ১৯ চার ও ১ ছয়ে ২৯১ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন অলক।
চতুর্থ উইকেটে মুমিনুলকে নিয়ে ১২৫ রান যোগ করার পর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ১০২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন অলক। দ্বিতীয় দিনে সাইফউদ্দিন (২৯) দ্রুত ফিরে গেলে সেটা আর বেশিদূর এগোয়নি। তবে রাহাতুল ফেরদৌসকে নিয়ে ৪৪ রানের আরেকটি দারুণ জুটি গড়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই তারকা।
শেষপর্যন্ত ৬২ রানে অপরাজিত ছিলেন রাহাতুল। নর্থ জোনের হয়ে দেলওয়ার, মামুন, আরিফুল ও সজীব দুটি করে উইকেট নিয়েছেন। পরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উত্তরাঞ্চলের জহুরুল ইসলামকে আউট করেছে ইস্ট জোন।
