সদ্যসমাপ্ত এশিয়া কাপের খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ তৈরি করেছে ক্রিকেটের সবচেয়ে বড় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। দুর্দান্ত পারফর্ম করা চারজন জায়গা পেয়েছেন এই দলে।
এশিয়া কাপে দারুণ খেলে বিশ্ববাসীর মন জয় করেছে টাইগাররা। তাদের মধ্য থেকেই দুজন ব্যাটসম্যান একজন অলরাউন্ডার ও একজন বোলারকে বেছে নিয়েছে ক্রিকইনফো।
মজার বিষয় হচ্ছে এদের মধ্যে নেই -মাশরাফি, সাকিব, তামিম বা মুশফিক! বাংলাদেশ যে এখন দুই-একজন ক্রিকেটারের উপর নির্ভর না বরং পুরো দল হয়ে উঠছে এ যেন তারই স্বাক্ষ্য দেয়।
ওপেনিংয়ে ভাবা হয়েছে সৌম্য সরকারের কথা। ইএসপিএনের মতে, আক্রমণাত্মক ভঙ্গির কারণে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌম্য। তাঁর সঙ্গে ওপেনিংয়ে স্থান পেয়েছেন ভারতের রোহিত শর্মা।
একাদশের চার নম্বরে রাখা হয়েছে এশিয়া কাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট সাব্বির রহমানকে। তিনি এশিয়া কাপে সর্বোচ্চ রান করেন। ৪৪ গড় নিয়ে তাঁর মোট রান ১৭৬।
ছয় নম্বরে রয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপে তিনি ১২১ গড় নিয়ে করেছেন ১২১ রান! সেরা একাদশে তাঁর গড়ই সবচেয়ে বেশি।
এছাড়া বোলার হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশের আল-আমিন হোসেন। এশিয়া কাপে তিনি ছিলেন সর্বাধিক উইকেটশিকারি। ১২.১৮ গড়ে তিনি নিয়েছেন ১১ উইকেট।
একাদশে স্থান পেয়েছেন পাকিস্তানে শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। আর সংযুক্ত আরব আমিরাতের বোলার আমজাদ জাভেদও স্থান পেয়েছেন একাদশে। ব্যাটসম্যান হিসেবে একাদশে ভারত থেকে স্থান পেয়েছেন বিরাট কোহলি ও এম এস ধোনি। আর রয়েছেন বোলার জাসপ্রিত বুমরাহ।
ইএসপিএন ক্রিকইনফোর সেরা একাদশ : রোহিত শর্মা, সৌম্য সরকার, বিরাট কোহলি, সাব্বির রহমান, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ, এম এস ধোনি, আমজাদ জাভেদ, মোহাম্মদ আমির, আল-আমিন হোসেন ও জাসপ্রিত বুমরাহ।
