সদ্য সমাপ্ত এশিয়া কাপে দারুণ পারফর্ম করে রানার্সআপ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার ভারতে চলমান ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা জেতারও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস।
সোমবার তারা ‘বাংলাদেশ কেন টুর্নামেন্ট জিততে পারে’ শীর্ষক এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বাংলাদেশের পক্ষে বিভিন্ন যুক্তি দেখানো হয়।
তরুণ তুর্কি
বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের কথা উল্লেখ করে স্কাই স্পোর্টস জানায়, বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ। এটিই প্রমাণ করে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা কতটা প্রতিভাবান। মূলত তাদের কাছ থেকেই দারুণ সমর্থন পাচ্ছেন দলের সিনিয়র ক্রিকেটাররা।

এসময় বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও আল-আমিনের কথা উল্লেখ করে স্কাই স্পোর্টস। মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক ক্যারিয়ারের সাফল্য এবং বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে তাসকিনের সর্বোচ্চ উইকেট এর কথাও প্রতিবেদনে উঠে আসে।

স্কাই স্পোর্টস জানায়, ২০১৫ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পায় মুস্তাফিজ। আর ব্রিটিশ কাউন্টি দল সাসেক্সেও সুযোগ পেয়েছেন তিনি। যদিও এশিয়া কাপের প্রায় পুরোটাই মুস্তাফিজ মিস করেছে। তবে বিশ্বকাপে মুস্তাফিজই হতে পারেন বাংলাদেশের বড় অস্ত্র।
এখন আর আন্ডারডগ নয়
স্কাই স্পোর্টস জানায়, ওয়ানডেতে বাংলাদেশকে আর ছোট দল বলার সুযোগ নেই। গত এক বছর ধরেই বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠার পর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। সিরিজ জয় ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বছর শেষে জিম্বাবুয়ের বিপক্ষেও সাফল্য বলে দেয় বাংলাদেশ এখন যথেষ্ট শক্তিশালী দল।
এছাড়া এশিয়া কাপের সাফল্যও বলে দিচ্ছে টি-টোয়েন্টিতেও বাংলাদেশ উন্নতি করছে।

এশিয়া কাপ
সদ্য সমাপ্ত এশিয়া কাপের সাফল্যের কথা উল্লেখ করে স্কাই স্পোর্টস জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পায় বাংলাদেশ। এরপর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে। সাব্বিরের ঝড়ো ৮০ রানের ইনিংসে বাংলাদেশ জয় পায়।
উপমহাদেশের কন্ডিশন
এশিয়া কাপের শেষটা ভালো না হলেও এটা নিশ্চিত যে এমন কন্ডিশনে বাংলাদেশ খুবই শক্তিশালী। ভারতে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে অনেকটা একইরকম কন্ডিশন পাবে টাইগাররা। এশিয়া কাপে সর্বোচ্চ রান স্কোরার সাব্বির রহমান ও সর্বোচ্চ উইকেট শিকারী আল-আমিন দুজনই বাংলাদেশের।

এছাড়া বাংলাদেশের ১৮টি টি-টোয়েন্টি জয়ের মধ্যে ১১টিতেই জয় এসেছে উপহাদেশে।
সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বড় শক্তি হিসেবে দেখিয়েছে স্কাই স্পোর্টস। তারা জানায়, নিঃসন্দেহে সাকিব বাংলাদেশের যেকোনো সময়ের সেরা ক্রিকেটার। ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যে একইসঙ্গে ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ছিলেন।
