টরন্টোতে ভাষাসৈনিক শামসুল হুদাকে সম্মাননা

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:২৩
কানাডার টরন্টোতে  একুশে পদক প্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদার সম্মারে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ মার্চ রবিবার সন্ধ্যায় টরন্টোর মার্খাম শহরের স্বাগাত ব্যঙ্কুয়েট হলে আয়োজন করে ভাসাভী’র নাহিদ কালেকশনের মালিক নাহিদ আকতার এবং গাজী বেলায়েত হোসেইন।
 
শামসুল হুদা তাঁর বক্তব্যে দেড় হাজার বছর আগে সৃষ্টি বাংলাভাষার ইতিহাস শুরু থেকে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের অফিসে বাংলা ভাষার ব্যবহার এবং অবস্থান খুব সংক্ষিপ্ত করে বর্ণনা করেন।
 
তিনি ২১শে ফেব্রুয়ারি বিশ্বের কাছে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস হিসেবে পরিচিতি পাওয়ার পিছনে মরহুম রফিকুল ইসলামের অবদানের কথা গর্বের সাথে উল্লেখ করেন।
 
তিনি তাঁর বক্তব্যে বারবার বাংলাভাষাকে বাঙালির অহংকার বলে উল্লেখ করেন এবং সকল বাঙালীকে বাংলা ভাষা সঠিকভাবে চর্চা এবং পরবর্তি প্রজন্মকে এই ভাষা শেখাতে অনুরোধ করেন।
 
IMG0
 
তিনি উপস্থিত সকল অতিথিবৃন্দ, আয়োজক এবং সংশ্লিষ্ট কলাকুশলীদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
শামসুল হুদার হাতে ক্রেস্ট তুলে দেন ডিস্ট্রিক গভর্নর লায়ন হ্যারোল্ড হবসন এবং তাঁকে উত্তরীয় পরিয়ে দেন লিবারেল পার্টির প্রাক্তন এমপি মারিয়া মিন্নাহ। এছাড়াও স্থানীয় বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়।
 
ব্যারিস্টার চয়নিকা দত্ত’র উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন হ্যারোল্ড হবসন, মারিয়া মিন্নাহ, ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এবং ড. মোজাম্মেল হক খান।
 
নৈশভোজ শেষে অনুষ্ঠানে টরন্টোর স্থানীয় শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন। সর্বশেষে শামসুল হুদা এবং তাঁর সহধর্মিনীর ৬২তম বিবাহ বার্ষিকীর কেক কাটা হয়। 
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টরন্টোর বাংলা কমিউনিটির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকবৃন্দ, টরন্টো সেন্ট্রাল বাংলাদেশ লায়ন’স ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় অনেক শিল্পীসহ আরও অনেকে।