বাজার নিয়ে গুজব ও বিভ্রান্তি কমাতে এবং লেনদেন ও হালনাগাদ তথ্য জানাতে মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।বিএসইসি জানায়, এই অ্যাপটির মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিনিয়ত আপডেট থাকতে পারবে। ফলে গুজব ও বিভ্রান্তি কমবে।
বুধবার সকালে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, 'গুজবের কারণে বিনিয়োগকারীদের মধ্যে যে বিভ্রান্তি ছড়ায় এই অ্যাপটির কারণে তা কিছুটা হলেও দূর হবে। কারণ বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে বাজার তথ্য পাবেন।'
'ডিএসই মোবাইল' নামের এই অ্যাপ ব্যবহার করে বিনিয়োগকারীরা লেনদেনের পাশাপাশি শেয়ার সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে পারবেন।
ব্রোকারেজ হাউজ থেকে নিবন্ধন করে আইডি ও পাসওয়ার্ড নিয়ে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। যে কোনো এনড্রয়েড মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন বিনিয়োগকারীরা।
এই অ্যাপের জন্য বিনামূল্যে ডেটা পাবেন রবির গ্রাহকরা। এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ ধরনের মোবাইল অ্যাপ চালু করা হয়।
বিএসইসি চেয়ারম্যান বলেন, 'অনেক সময় আমাদের দেশের বাজার বিশ্লেষকদের ভ্রান্ত বিশ্লেষণের কারণে বাজার ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকরা বিস্তারিত তথ্য না জেনেই মতামত দিয়ে থাকেন। এই অ্যাপটি ব্যবহার করলে বিনিয়োগকারীরা সেই বিভ্রান্তি থেকে দূরে থাকতে পারবেন।'
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, 'আমাদের পুঁজিবাজারে স্থিতিশীলতার অভাব আছে। একটি স্থিতিশীল পুঁজিবাজারে যেসব উপাদান থাকার দরকার সেগুলোর এখানে ঘাটতি আছে। আমি মনে করি, নতুন এই লেনদেন ব্যবস্থার মাধ্যমে শক্তিশালী বাজার ব্যবস্থার কিছু উপাদান সরবরাহ হবে, যাতে বাজারে স্থিতিশীলতা বাড়বে।'
অর্থমন্ত্রী বলেন, 'বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী কাঠামো (রেগুলেটরি ফ্রেমওয়ার্ক) এখন অনেক উন্নত। বিশ্বের অনেক উন্নত দেশের সাথেই এটা তুলনা করা যায়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থায় এখন বিনিয়োগ করার সময়।'
খায়রুল হোসেন বলেন, 'আমাদের বিনিয়োগকারীদের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব রয়েছে। আমরা সেটা দূর করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য দুটো কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই তারা কাজ শুরু করবে। পুঁজিবাজার উন্নয়নে আমরা (বিএসইসি) অনেকগুলো সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছি। তবে এসব সংস্কারের ফল রাতারাতি আসবে না। এজন্য সময় লাগবে।'
ডিএসইর স্বাধীন পরিচালক ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফ্লেক্স ট্রেডের অনলাইন বিভাগের সিইও শন মিশেল ফ্লাংকো বক্তব্য রাখেন। বিডি নিউজ।
