শিবগঞ্জে মাদকবাহী ট্রাক আটক করতে গিয়ে ট্রাকের চালক কর্তৃক দুই পুলিশ কর্মকর্তাকে চাপা দিয়ে হত্যার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বুধবার বেলা ১১টায় কানসাট পল্লীবিদ্যুৎ মোড়ে সহস্রাধীন নারী-পুরুষের দীর্ঘ দুই কিলোমিটার ব্যাপি মানববন্ধন হয়।
মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ, সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিঞা, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা আহ্বায়ক রুহুল আমীন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) আফাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগে সভাপতি আতিকুল ইসলাম টুটুর, শাহাবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নজমুল হক রানা সহ অনেকে।
বক্তারা বলেন, মাদকবাহী ট্রাক চালক ইচ্ছাকৃতভাবে পুলিশ কর্মকর্তা সাদেকুল ইসলাম ও আতাউল ইসলামকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে। ওই ট্রাকে ১৪৫০ বোতল ফেনসিডিল ছিল। ওই ফেনসিডিল রক্ষা করে মাদকব্যবসায়ীদের আরো উৎসাহিত করতে এবং নিজে গ্রেফতার ও মামলা থেকে বাঁচাতে দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। বক্তারা চালকসহ অন্যান্য দোষী ব্যক্তিদের ফাঁসির দাবি করেন।
উল্লেখ্য, ৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় শিবগঞ্জের কানসাটে শিবগঞ্জ থানার এসআই সাদেকুল ইসলাম ও সার্জেন্ট আতাউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবাহী ট্রাক আটক করতে গিয়ে ট্রাক চালক সিরাজ উদ্দিনকে ট্রাক থামার সংকেত দিলেও সে সংকেত অমান্য করে ঐ দুই পুলিশ অফিসারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করে পলিয়ে যায়। ওই দিন মাত্র ৬ ঘন্টার ব্যবধানে বেলা ১১ টার দিকে পুলিশ ঘাতক ট্রাকের চালক সিরাজ আলী মল্লিককে উপলেজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি নামক স্থান থেকে ১৪৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। আসামী সিরাজ পরের দিন শুক্রবার আদালতে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়।
