বড় টুর্নামেন্টে আবির্ভাবেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে ওমান। ম্যাচের লাগাম অনেকবার হাতবদল হওয়ার রোমাঞ্চকর লড়াইয়ে আরব দেশটি হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে।
ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ওমান। ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছিল আয়ারল্যান্ড। ওমান জিতেছে ২ বল বাকি থাকতে। পেন্ডুলামের মত দুলতে থাকা ম্যাচের নাটকীয়তা চূড়ান্ত মাত্রা স্পর্শ করে শেষ ওভারে। জয়ের জন্য ওমানের প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলটিই ম্যাক্স সরেনসন করেন ব্যাটসম্যানের মাথা সমান উচ্চতায়, নো-বলকে আমির আলি পাঠান বাউন্ডারিতে। তৃতীয় বলে আবার ফুল টস, এবার চার মারেন অজয় লালচেতা।
চতুর্থ বলে আমির আলিকে আউট করে ম্যাচ আবারও জমিয়ে দেন সরেনসন। ২ বলে চাই তখন ৩ রান। কিন্তু পরের বলে আবারও ভুল, আরেকটি নো-বল। ফুলটসে ব্যাট ছোঁয়াতে পারেননি ব্যাটসম্যান, কিন্তু ধরতে পারেননি আইরিশ কিপারও। বাই চারে জয়ে ঠিকানায় ওমান। ড্রেসিং রুম থেকে মাঠে ছুটে গিয়ে বিশ্ব জয়ের উৎসবে মাতে ওমানের ক্রিকেটাররা।
এই ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে ৪ ম্যাচ খেলে চারটিই হেরেছে ওমান, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরেছে ২ ম্যাচের দুটিই। কেবল হংকংকেই ৪ ম্যাচের তিনটিতে হারাতে পেরেছিল। আয়ারল্যান্ডকে তারা হারাল প্রথম সাক্ষাতেই। ১৫৫ রান তাড়ায় ওমানকে জয়ের পথে নিয়ে যায় ওমানের উদ্বোধনী জুটি। ৮.২ ওভারে ৬৯ রানের জুটি গড়েন জিশান মাকসুদ ও খাওয়ার আলি। ৩৩ বলে ৩৮ করেন মাকসুদ, ২৬ বলে ৩৪ খাওয়ার।
কিন্তু এমন শুরুর পরও ২১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে পথ হারায় ওমান। সাতে নেমে ১৭ বলে ৩২ করে ওমানের জয়ের নায়ক আমির। ভেজা বলে একর পর এক ফুলটসে জয়টা সহজ করে দিয়েছেন সরেনসন। আয়ারল্যান্ডের ইনিংসে দু অঙ্ক ছুঁয়েছেন ব্যাটিংয়ে নামা সবাই। কিন্তু ৪০ ছুঁতেও পারেননি কেউ। উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিংয়ের ৪৮ রানের উদ্বোধনী জুটি ছিল ইনিংসের সেরা জুটি।
২২ বলে ২৯ করে ফেরেন স্টার্লিং, ২৮ বলে ২৯ পোর্টারফিল্ড। ৩৪ বলে ৩৮ করে সর্বোচ্চ রান গ্যারি উইলসনের। ১১ বলে ১৬ করেন নিয়াল ও’ব্রায়েন। শেষ দিকে ৩ বলে ১০ করে আইরিশদের রান দেড়শর ওপারে নিয়ে যান অ্যান্ডি ম্যাকব্রায়ান। কিন্তু শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি সেই রান। ক্রিকইনফো।
