নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ছাড়পত্র দেবে না পিসিবি

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১১:০৫
ভারতে বিশ্ব টি টোয়েন্টি খেলতে যাওয়ার আগে পাকিস্তান দলের কিছু নিরাপত্তা ঝুঁকি সংশ্লিষ্ট বিষয়ে পরিপূর্ণ আস্থা না পাওয়া পর্যন্ত যাওয়ার অনুমতি দেয়ার বিষয়ে বিলম্ব করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বুধবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পিসিবি সভাপতি শাহরিয়ার খান।
 
আইসিসির নির্বাহী প্রধান ডেভ রিচার্ডসন বুধবার ঘোষণা করেন নিরাপত্তার শঙ্কার মধ্যে থাকা ১৯ তারিখ অনুষ্ঠিতব্য ধর্মশালার ভারত-পাকিস্তান ম্যাচ দিল্লিতে সরিয়ে নেয়া হয়েছে। এর কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পাঠ করে পিসিবি সভাপতি বলেন, পিসিবি আজ (বুধবার) বিসিসিআই ও আইসিসিকে জানিয়েছে যে আমাদের সরকার নিশ্চয়তা চেয়েছে যে সফরের সময় পাকিস্তান দল ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের নিরাপত্তা প্রতিনিধি দলের সুপারিশ অনুযায়ী পাকিস্তান পুরুষ ও নারী ক্রিকেট দলকে ভারত সফরে অনুমতি দেয়ার বিষয়ে বিলম্ব করা হবে। 
 
শাহরিয়ার আরো জানান এই নিশ্চয়তাটা পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিসিআই, আইসিসিও ভারত সরকারের কাছে চেয়েছে, পাকিস্তান সরকার নয়।  তিনি বলেন, নিরাপত্তা হুমকিগুলো পাকিস্তানের জন্যই, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা অন্যান্য দলের জন্য নয়।