স্কটল্যান্ডকে ১৪৮ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৮:১৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে২০ ওভারে শন উইলিয়ামসের অর্ধশতকের উপর ভর করে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে মাসাকাদজার দল।
 
নাগপুরে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তবে এক প্রান্ত আগলে রেখে খেলেন শন উইলিয়ামস। তার ৫৩ রানের ইনিংসে ১৪৭ রান করতে পারে জিম্বাবুয়ে। উইলিয়ামসের ইনিংসে ছিল ৬টি চার। এছাড়া ২০ রান করেন এলটন চিগুম্বুরা।
 
স্কটল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স, মার্ক ওয়াট ও সাফিয়ান শরিফ।
 
প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতে পরের পর্বে যাওয়ার আশা জাগিয়ে রেখেছে জিম্বাবুয়ে। তবে স্কটল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৪ রানে হেরে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা কম।