জিম্বাবুয়ের কাছে হেরে স্কটল্যান্ডের বিদায়

আপডেট : ১০ মার্চ ২০১৬, ২০:০৭
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেলো স্কটল্যান্ড। বৃহস্পতিবার জিম্বাবুয়ের কাছে ১১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা।জিম্বাবুয়ের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ড।
 
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে রিচার্ড ব্যারিংটনের ব্যাট থেকে।  জিম্বাবুয়ের পক্ষে একাই ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ওয়েলিংটন মাসাকাদজা।
 
 
এর আগে নাগপুরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তবে এক প্রান্ত আগলে রেখে খেলেন শন উইলিয়ামস। তার ৫৩ রানের ইনিংসে ১৪৭ রান করতে পারে জিম্বাবুয়ে। উইলিয়ামসের ইনিংসে ছিল ৬টি চার। এছাড়া ২০ রান করেন এলটন চিগুম্বুরা। স্কটল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন অ্যালাসডেয়ার ইভান্স, মার্ক ওয়াট ও সাফিয়ান শরিফ।
 
উল্লেখ্য, স্কটল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৪ রানে হেরেছিল। বৃহস্পতিবার জিম্বাবুয়ের কাছে হারাতে শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপ স্বপ্ন।