ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চলতি ২০১৫-১৬ বছরেও কর অব্যাহতি পেতে যাচ্ছে। সম্প্রতি রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতে এবং পুঁজিবাজারকে চাঙ্গা করার উদ্যোগের অংশ হিসেবে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর থেকে তাদের হ্রাসকৃত হারে কর দিতে হবে।
স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ) পর ডিএসই ও সিএসই আয়ের ক্ষেত্রে গত অর্থবছর কর অবকাশ সুবিধা দেয় সরকার। অর্থাৎ ওই সময়ের আয়ের ওপর কোন কর দিতে হবে না। চলতি বছর থেকে তাদের উপর হ্রাসকৃত হারে করারোপ করা হয়। অর্থৎ চলতি অর্থবছর ৮০ শতাংশ কর অবকাশ সুবিধা ছিল। সেই হিসেবে এ বছর উভয় স্টক এক্সচেঞ্জের ২০ শতাংশ আয়ের উপর কর প্রযোজ্য ছিল। আগামী অর্থবছর ৪০ শতাংশ আয়ের উপর কর, পরবর্তী বছর ৬০ শতাংশ আয়ের উপর, এর পরবর্তী বছর ৮০ শতাংশ আয়ের উপর ও তার পরের বছর পুরো আয়ের উপর কর প্রযোজ্য হওয়ার কথা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেয়ারবাজারে বর্তমানে লেনদেন কম হওয়ায় মুনাফা কমে গেছে বলে স্টক এক্সচেঞ্জগুলো দাবি করে আসছে। এ অবস্থায় চলতি অর্থবছরসহ ৫ বছর কর অব্যাহতি চেয়ে সম্প্রতি অর্থমন্ত্রীর কাছে আবেদন করে ডিএসই। অর্থমন্ত্রী এ বিষয়ে মতামত দেয়ার জন্য বিএসইসি’র চেয়ারম্যানের কাছে প্রেরণ করেন। বিএসইসি চেয়ারম্যান কেবল চলতি বছর কর অব্যাহতির সুপারিশ করেন। এর পর সম্প্রতি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য অর্থমন্ত্রী এনবিআরকে নির্দেশ দেন। অর্থমন্ত্রীর নির্দেশের পর সম্প্রতি এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক বোর্ড সভায় উভয় স্টক এক্সচেঞ্জকে চলতি অর্থবছর সম্পূর্ণ আয়ের ওপর কর অব্যাহতির দেয়ার বিষয়ে সিদ্ধান্ত দেয়। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে ওই সভায় সদস্যরা উপস্থিত ছিলেন।
