জাতীয় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন বিজেএমসি

আপডেট : ১০ মার্চ ২০১৬, ২২:০৪
কেএফসি জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে ফুটবলে নতুন চ্যাম্পিয়ন বিজেএমসি। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৭-১ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। বিজয়ী দলের হয়ে চারটি গোল করেছেন সাবিনা। এছাড়া হ্যাটট্রিক করেছেন স্বপ্নাও।
 
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ময়মনসিংহের সানজিদা আক্তার। টুর্নামেন্টে ব্যক্তিগত ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান বিজয়ী দলের সাবিনা খাতুন।
 
বিজেএমসিকে সমর্থন জোগাতে ডেমরা থেকে হাজির হয় বাওয়ানী আদর্শ স্কুলের ১২৯ ছাত্র। প্রথমার্থে বিজেএমসি ১-০ গোলে এগিয়ে ছিল। ময়মনসিংহের মেয়েরা সমানতালে খেললেও গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি। অভিজ্ঞতা, বয়স, শারীরিক সক্ষমতায়, পরিণত মানসিকতায় ও গতির ক্ষেত্রে পিছিয়ে ছিল তারা। বিশেষ করে তাদের ডিফেন্ডাররা ছিল শ্লথগতির। এ সুযোগ কাজে লাগিয়ে একের পর এক গোল আদায় করে নেয় বিজেএমসি। পক্ষান্তরে ময়মনসিংহের ভরসা ফরোয়ার্ড সানজিদা খেলেন চোট নিয়ে। দলের একমাত্র গোলটি করলেও একটি পেনাল্টি মিস করেছেন তিনি। পুরো ম্যাচে তিনি ছিলেন ম্রিয়মাণ, ম্লাণ।
 
 
সাবিনা গোল চারটি করেছেন ১৬, ৬৯, ৮৫ ও ৯৪ মিনিটে। সবকটিই একক নৈপুণ্যে করা। প্রথমার্ধে মাত্র এক গোলে এগিয়ে ছিল বিজেএমসি। ম্যাচের চিত্রটা পাল্টে যায় দ্বিতীয়ার্ধে স্বপ্নাকে মাঠে নামানোর পর। তিনি সাবিনার সঙ্গে গড়ে তোলেন ম্যাচজয়ী আক্রমণাত্মক জুটি। স্বপ্না ৫১, ৭৭ ও ৮৮ মিনিটে গোল তিনটি করেন।
 
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পায় ৫০ হাজার এবং রানার্সআপ দল পায় ২৫ হাজার টাকা। তাছাড়া অংশ নেয়া প্রতিটি দল পায় ৩০ হাজার টাকা করে।