লাগামছাড়া মন্তব্য করে প্রায়ই খবরের শিরোনাম হন ক্রিশ্চিয়ানো রোনালদো। কখনও সতীর্থদের নিয়ে, কখনও প্রতিপক্ষকে নিয়ে। কিন্তু এবার নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের সমালোচনা করলেন এই পর্তুগিজ তারকা।
তিনি বলেন, তার টিমের লক্ষ্যেই ‘ঘাটতি’ রয়েছে। অর্থাৎ, রিয়াল মাদ্রিদের ধারাবাহিক পারফরম্যান্সের অভাবকে দায়ী করছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী।
রোমাকে হারিয়ে ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। তবে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে চূড়ান্ত সাফল্যের জন্য দলের ধারাবাহিকতার ঘাটতিতে বেশ উদ্বিগ্ন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের আশা থাকলেও লা লিগার দৌড়ে ছিটকেই গেছে রিয়াল! ২৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে গ্যালাকটিকোরা। তাই দলের উন্নতির দিকেই জোর দিচ্ছেন সিআর সেভেন।
