বিশ্বের সর্ববৃহত্ ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো প্রতি বছরের মতো এ বছরও খেলাটির বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলা অবস্থাতেই মুম্বাইতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের তারিখ বা বিজয়ীদের নাম এখনও ঘোষণা করা হয়নি।
তবে বাংলাদেশ দলের একটি সূত্র নিশ্চিত করেছে যে, গতকাল বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ক্রিকইনফোর তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। তাকে অনুষ্ঠানে উপস্থিত রাখার জন্যও যোগাযোগ শুরু করেছে সংস্থাটি। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দিতে রাজী হয়নি।
গত বছর ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে যাত্রা শুরু করেন মুস্তাফিজুর রহমান। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে প্রথম দুই ম্যাচে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড করেন। পাশাপাশি দ্রুততম সময়ে ৩ বার ওয়ান ডেতে ৫ উইকেট নেয়ার রেকর্ডও তার। তার স্লোয়ার-কাটার ইতিমধ্যে আলোচিত অস্ত্রে পরিণত হয়েছে।
সম্প্রতি অবশ্য ইনজুরিতে ভুগছেন মুস্তাফিজ। পিঠের পেশীর ব্যথার কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হয়নি তার।
