গত কয়েকদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য ২৭ সদস্যের পাকিস্তান কন্টিনজেন্ট ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে। আবুধাবী হয়ে দলটি শনিবার কলকাতা পৌঁছাবে বলে পিসিবি নিশ্চিত করেছে।
পাকিস্তানের বিশ্বকাপ দলটিতে রয়েছে ১৫ জন খেলোয়াড়, ১২জন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ। বিশ্বকাপে অংশগ্রহণের ব্যপারে পাকিস্তানি সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাবার ঘণ্টাখানেকের মধ্যে দুবাইয়ের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে দলটি রওয়ানা হয়। ইতোমধ্যেই নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দুবাই বিমানবন্দরে পৌঁছে গেছে পাকিস্তান। আবুধাবীতে দীর্ঘ সময় থাকার পরে আজ সন্ধ্যায় দলটির কলকাতা পৌঁছার কথা রয়েছে।
ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবার প্রাক্কালে দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস নিজের টুইটার অ্যাকাউন্টে দলীয় ঐক্যের কথাই বলেছেন।
এক ক্ষুদে বার্তায় তিনি বলেছেন, এসো সবাই এক হই, তাহলেই আমরা কিছু একটা করে দেখাতে পারব।
গণমাধ্যমকে তিনি বলেছেন নিরাপত্তা প্রশ্নে দলের ভারতে যেতে বিলম্ব হলেও খেলোয়াড়রা এখন শুধুমাত্র ক্রিকেট নিয়েই চিন্তা করছে, মাঠে নিজেদের সেরাটা দেবার জন্য মুখিয়ে আছে। বিশ্বকাপে ভাল খেলার ব্যাপারে আমরা আশাবাদী। অতীত অভিজ্ঞতা থেকে আমরা জানি যে ভারতে আমরা ব্যপক আতিথেয়তা পাব।
তিনি আরো বলেন, আগামী ১৯ মার্চ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। কিন্তু আমরা ম্যাচ-বাই-ম্যাচ চিন্তা করছি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের প্রথমে খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে এবং আমরা এখন সেই ম্যাচটা উতরে যাবার চিন্তা করছি। বাংলাদেশ বর্তমানে বেশ উন্নত দল, তাদের দেশে তাদেরকে হারানো যেকোন দলের জন্যই এখন কঠিন হয়ে পড়েছে।
পাকিস্তান দলে ম্যানেজার হিসেবে রয়েছেন সাবেক অভিজ্ঞ টেস্ট অধিনায়ক ও হাই প্রোফাইল নিরাপত্তা ম্যানেজার ইন্তিখাব আলম।
ভারতে যেতে দেরি হওয়ায় বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান। কিন্তু ওয়াকার মনে করেন শ্রীলংকার বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচটি বিশ্বকাপের আগে পুরো দলকে ঝালিয়ে নিতে সহযোগিতা করবে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে ভারতের কাছে পরাজিত হবার পরে ২০০৯ সালে ইউনিসের খানের নৈপুণ্যে একমাত্র টি২০ বিশ্বকাপ শিরোপা জয় করেছিল পাকিস্তান। এরপর ২০১০ ও ২০১২ সালে সেমিফাইনালে খেললেও ২০১৪ সালের সর্বশেষ আসরে প্রথম পর্ব থেকেই বাদ পড়ে মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন দলটি।-বাসস।
