রেকর্ড গড়ে শীর্ষস্থান মজবুত করলো জুভেন্টাস

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৯:৫৫
ইতালিয়ান সিরি আ’তে ক্লিন শিটের নতুন রেকর্ড গড়েছে জুভেন্টাস।  শুক্রবার সসোলোকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল তুরিনের ওল্ড লেডি।
 
প্রথমার্ধে পাওলো দিবালা দুর্দান্ত এক গোল করে জুভেন্টাসকে এগিয়ে নেন। তুরিনোর মাঠে শেষ অবধি এই গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারক হয়ে ওঠে। আর এনিয়ে টানা ১০ ম্যাচ প্রতিপক্ষ দলগুলোকে গোল করতে দেয়নি জুভেন্টাস, যা লিগের রেকর্ড।
 
এই জয়ের ফলে বুধবার প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল জুভেন্টাসের। ঘরের মাঠে প্রথম লেগটি ২-২ গোলে ড্র হওয়ায় কোয়ার্টারে যেতে হলে বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় জয়ের বিকল্প নেই জুভদের।
 
টানা তিনটি জয়ের রেকর্ড এবং টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার গৌরব নিয়ে জুভেন্টাসের মাঠে খেলতে নামে সসোলো। তবে জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করতে ব্যর্থ হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের। এই হারের ফলে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে নেমে গেল সসোলো।
 
এদিকে ইতালিয়ান লিগে দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে আছেন বুফন। আগামী ২০ মার্চ তুরিনোর বিপক্ষে লিগ ম্যাচের প্রথম চার মিনিট নিজের জাল অক্ষত রাখতে পারলে সেবাস্তিনো রসিকে টপকে ইতালিয়ান লিগে সর্বাধিক সময় ধরে গোল না হজম করার কীর্তি গড়বেন জুভেন্টাসের এই ইতালিয়ান গোলরক্ষক।
 
শুক্রবার খেলার ৩৬তম মিনিটে জুভেন্টাসের হয়ে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন দিবালা। মারিও মানজুকিচের দারুণ এক ফ্লিক থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে অতিথি দলের গোলরক্ষক আন্দ্রে কনসিগলিকে পরাজিত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। শেষ অবধি এই গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।
 
এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করলো জুভেন্টাস। এক ম্যাচ কম খেলা নাপোলি ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।