বৃষ্টিতে টাইগারদের অনুশীলন বাতিল

আপডেট : ১২ মার্চ ২০১৬, ২১:২৩
শুক্রবার ভোর থেকেই হিমাচলের পাহাড়ে অবিরাম ধারায় পড়ছে বৃষ্টি। জম্মু ও কাশ্মীরের কোল ঘেঁষে থাকায় এখানকার বৃষ্টির ‍পানি ভীষণ ঠাণ্ডা। গায়ে কাঁটা দেওয়ার মতো বিঁধে যায় বৃষ্টির এক একটি ফোঁটা। বৃষ্টির পানির রীতিমতো বরফের মতো শীতল।
 
বৃষ্টির কারণে বাতিল হয়েছে মাশরাফিদের অনুশীলনও। তাই টিম হোটেলেই অলস সময় কাটাতে হয়েছে ক্রিকেটারদের। একই অবস্থা বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে আসা গণমাধ্যম কর্মীদেরও।
 
তবে ১৩ মার্চ পর্যন্ত বৃষ্টির এমন ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিশ্বকাপ বাছাই পর্বে ওমানের বিপক্ষে মাশরাফিদের শেষ ম্য্যাচটিও পরিত্যক্ত হবে। আর সেটা হলে দ্বিতীয় ম্যাচের ধারাবাহিকতায় আবার পয়েন্ট ভাগাভাগি করতে হবে টাইগারদের। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও ওমানের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে টাইগাররা। শেষ ম্যাচটি যদি বৃষ্টি বাগড়ায় পণ্ড হয়ে যায়, তাহলে এই নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদেই ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে বাংলাদেশ।